বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র প্ল্যাটফর্মের প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান শেষে এমন তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

এ বিষয়ে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ১৭০০ কোটি অর্থ পাচার ও ৬০০ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম এ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। তারা যাচাই-বাছাই করে দেখবে।’

আরও পড়ুন পেপ্যাল আসতে চায় বাংলাদেশে : গভর্নর

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বলেন, আমরা নথিপত্র সংগ্রহ করেছি। নগদে ৭০ শতাংশের বেশি মালিকানা বিদেশিদের। ফলে বিদেশে অর্থ পাচার হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তি হয়েছে, সেগুলোও বিশ্লেষণ করবে অভিযানকারী দল। যাচাই-বাছাই করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করব।’

অভিযোগসহ বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এজেন্টরা হুন্ডির মাধ্যমে ওই টাকা পাচার করেছে। এসব বিষয় সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতেই আজকের অভিযান।

এদিকে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর বিকালে হামলা চালিয়েছে অজ্ঞাত নামের ৩-৪ জন লোক। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় ‘দিদার কে দিদার কে’ বলে ৩-৪জন যুবক আমার গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করেছে। এই বিষয়ে জিডি করা হবে।