খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। সোমবার সকালে তিনি আইনজীবীর মাধ্যমে এই আপিল করেন।


৩২ নম্বর থেকে হাড়গোড় উদ্ধার, জানাল সিআইডি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।


বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী (অ্যাপ্রোভার) হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।