হাদি হত্যা : ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি : সংগৃহীত
০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৬ পিএম
চাঞ্চল্যকর শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে গচ্ছিত ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা এখন থেকে আর উত্তোলন বা লেনদেন করা যাবে না। বুধবার (৭ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
সিআইডির উপপুলিশ পরিদর্শক মো. আবদুল লতিফ আদালতে এই আবেদনটি দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে বর্তমানে মানি লন্ডারিং বিষয়ক অনুসন্ধান চলছে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্তের বিভিন্ন ব্যাংক হিসাবে অত্যন্ত ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও জানানো হয়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে শুধু খুন নয়, বরং সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানের মতো গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় অপরাধ।
আদালতকে সিআইডি জানিয়েছে, মামলা বা অভিযোগ নিষ্পত্তির আগেই যদি এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলা হয়, তবে অপরাধের প্রমাণ ও সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। সেই আশঙ্কা থেকেই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করার আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি হত্যার পর থেকেই আসামিদের আর্থিক উৎস এবং অপরাধলব্ধ আয়ের সন্ধানে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো।


