১৬ বছরেই পাওয়া যাবে এনআইডি

ছবি : সংগৃহীত
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পিএম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের ১৬ বছর ও তদুর্ধ্ব বয়সি নাগরিকদের এনআইডির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত
পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুধু ১৮ বছর পূর্ণ হলেই এনআইডি কার্ড দেওয়া হতো। কারণ, এনআইডি ও ভোটার তালিকা একই সঙ্গে তৈরি করা হতো।
২০১৫ সালে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে, ১৫ থেকে ১৭ বছর বয়সীদেরও এনআইডি দেওয়া হবে। তখন উদ্দেশ্য ছিল আগাম তথ্য সংগ্রহ করে রাখা যাতে ১৮ বছর পূর্ণ হওয়া মাত্রই নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে ভোটার হতে পারে।


