মহিলা দল নেত্রীর ঘরে ১০ লাখ টাকার মদ!

ছবি : সংগৃহীত
১৪ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম
বাগেরহাটের মোংলা উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে প্রায় ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পালানোর চেষ্টা করলে ওই নেত্রীর স্বামীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার চিলা বাজারসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন এ অভিযান পরিচালনা করে।
বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ
কোস্ট গার্ড জানায়, অভিযানে জব্দ হওয়া ১৯৭ বোতল বিদেশি মদের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত অভিজিৎ পাড়ই শান্ত মোংলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী তানিয়া বিশ্বাস লিথি মোংলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি জানান, উদ্ধার হওয়া বিদেশি মদ তাদের নয়। তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এগুলো তাদের ঘরে রাখতে দিয়েছিলেন।
ওই এক ব্যক্তি কে- এই প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
এ বিষয়ে মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধীর কোনো দল হতে পারে না। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


