তেজগাঁওয়ে ট্রাকভর্তি সরকারি খাদ্য জব্দ

ছবি : আওয়ার বাংলাদেশ

কিশোর ডি কস্তা (স্টাফ রিপোর্টার)

১৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

রাজধানীর তেজগাঁও এলাকায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির সরকারি চাল ও আটা অবৈধভাবে পাচারের সময় একটি ট্রাকসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সংঘবদ্ধ একটি দল মব সৃষ্টি করে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়।


সন্দ্বীপের কলঙ্ক থেকে মুক্ত হলাম : ড. ইউনূস

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে তেজগাঁও বিজয় স্মরণী মোড়ের কিউর স্পেশালাইজড হাসপাতালের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।


জানা যায়, ওএমএসের সরকারি চাল ও আটা ট্রাকে করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্য পায় সাংবাদিকদের একটি টিম। তথ্য যাচাই করে ট্রাক চালকের কাছে পণ্য পরিবহনের বৈধ চালান দেখতে চাইলে চালক ও তার সহকারী উত্তেজিত হয়ে ওঠেন। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে এনে মব সৃষ্টি করে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় সাংবাদিকরা তেজগাঁও থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হামলাকারীরা পুলিশ ও সাংবাদিকদের ওপর আবারও হামলার চেষ্টা করে।

পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ওএমএসের চাল ও আটার বস্তা উদ্ধার করে। ট্রাক, চালক ও সহকারীসহ মোট চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও সহকারী একেক সময় একেক ধরনের তথ্য দেন। কখনো তারা বলেন, মালামাল মোহাম্মদপুর কৃষি মার্কেটে নেওয়ার কথা ছিল। আবার কখনো সাভারের আরিফ নামে এক ডিলারের কথা উল্লেখ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, খিলক্ষেত এলাকার সুজন নামে এক ব্যক্তি ওএমএসের চাল-আটার বড় ডিলার হিসেবে পরিচিত। তার গুদামেই সরকারি বস্তা পরিবর্তন করে নতুনভাবে প্যাকেটজাত করে বাজারজাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ট্রাকভর্তি চাল ও আটা জব্দ করে থানার হেফাজতে রেখেছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৭ (৩-২৬)। পরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।