আইইবি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল

ছবি : আওয়ার বাংলাদেশ

নিউজ ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০১:২০ এএম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) সদর দফতর ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শুক্রবার বিশেষ প্রার্থনার অনুরোধ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি। তিনি বলেন, দেশের দৃশ্যমান উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত ও টেকসই বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের এ অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রকৌশলী ও চিকিৎসক হিসেবে গড়ে ওঠেন। তবে প্রশাসনিক কাঠামোয় অনেক ক্ষেত্রে অকারিগরি জনবল কারিগরি পদে দায়িত্ব পাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। দেশের সুষ্ঠু উন্নয়নের স্বার্থে কারিগরি পদে অবশ্যই কারিগরি জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।

আরেক বিশেষ অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়। প্রকৌশলীদের বিদ্যমান সমস্যাগুলো মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), এমপি বলেন, দীর্ঘদিন ধরে প্রকৌশলীরা নানা ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছেন। বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

এ সময় এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, প্রকৌশল খাতের বিশেষায়িত পদগুলোতে অকারিগরি জনবল নিয়োগ দেওয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হচ্ছে। মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে কারিগরি খাতে যোগ্য প্রকৌশলীদের পদায়নের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে আইইবি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্বাগত বক্তব্য দেন আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। তিনি আইইবির ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরে বলেন, ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত এ সংগঠনটি স্বাধীনতার পর ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’ নামে কার্যক্রম পরিচালনা করছে। প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে আইইবির অধীনস্থ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব ও আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং ইআরসি ঢাকার ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু।

দোয়া ও ইফতার মাহফিলে আইইবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, প্রকৌশলী নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।