ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামের পথে মানুষের যাত্রা শুরু হয়েছে। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও স্বস্তিতে গন্তব্যে ফিরছে ঘরমুখী মানুষ। তবে উল্টো চিত্র দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।


ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, পরিবার-পরিজন, শিশু ও মালপত্র নিয়ে ভোর থেকেই স্টেশনে জড়ো হন যাত্রীরা। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বেড়ে যায়। কেউ প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছেন, কেউ আবার ট্রেনের আশায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন।


সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী এবং নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনসহ ছয়টি ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে স্টেশনজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রবেশপথ ও প্ল্যাটফর্মে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহীতে যাচ্ছেন বেসরকারি চাকরিজীবী আহমেদ আরিফ বলেন, বাসে ভিড় ও বাড়তি ভাড়ার কারণে ট্রেনেই বাড়ি যাচ্ছি। পরিবারের সবাই ট্রেনে উঠলে আমি জায়গা পেয়েছি ছাদে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের নির্ধারিত টিকিট নিয়ে শৃঙ্খলা মেনে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।