জোরদার হচ্ছে মোবাইল কোর্ট

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ মে ২০২৬, ০২:৪৩ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কি-না তা নজরদারির জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে মোবাইক কোর্ট জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি।


চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এই নির্দেশ দেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে। মোবাইল কোর্টের কার্যক্রম বাড়াতে হবে। জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।”

ডিসিদের উদ্দেশে তারেক রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক সামাজিক অবস্থা আপনারা জানেন। শুধুমাত্র পদোন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বরের সঙ্গে আপস করলে সাময়িক লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনা দুর্নীতির দিকে জনপ্রশাসনকে ঠেলে দেয়, নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।”

সরকার প্রধান বলেন, “জনপ্রশাসনের যেকোনো পদে কাজ করতে জেলা প্রশাসকদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসন জনসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে। আপনারাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে থাকেন। তাই সরকারও আপনাদের ওপর নির্ভরশীল।”