ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দের নির্দেশ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ মে ২০২৬, ০৫:৫১ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।


৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


রোববার (১৭ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ায় এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের পক্ষ থেকে গত ১২ মে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আয়কর নথি জব্দের আবেদন করা হয়। আবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক আবু তালহা।

আবেদনে বলা হয়, ৩৬ বছর বয়সী হাকিমুন্নাহার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। ২০২০-২১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের তুলনামূলক পর্যালোচনায় অসঙ্গতিপূর্ণ সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অধিকতর তদন্তের স্বার্থে তার কর অঞ্চল-১১ এবং সার্কেল-২৩৮-এ সংরক্ষিত আয়কর নথির স্থায়ী অংশসহ সব রেকর্ডপত্র জব্দের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করা হয়।


মামলার নথি অনুযায়ী, হাকিমুন্নাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের ২০ জানুয়ারি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয় (মামলা নং-৩৪)। এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর তিনি দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। তবে সেখানে তথ্যের অসঙ্গতি ও যথাযথ তথ্য না দেওয়ার অভিযোগে দুদক আইন, ২০০৪ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


আসামি বর্তমানে রাজধানীর লালমাটিয়ার বি-ব্লকের ‘রোজ হ্যাভেন’ অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কোতয়ালী থানার রামনগর এলাকায়।আদালতের নির্দেশ অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুসারে এখন সংশ্লিষ্ট কর কমিশনার ও উপ-কর কমিশনারকে প্রয়োজনীয় নথি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


দুদক আশা করছে, জব্দকৃত নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে আসামির সম্পদের প্রকৃত উৎস, স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং সম্ভাব্য অর্থপাচার সংক্রান্ত আরও তথ্য বেরিয়ে আসবে।