প্রধানমন্ত্রীর ওপর আমার বিশ্বাস আছে, আশা করি বিচার পাব: রামিসার বাবা

ছবি : সংগৃহীত
২২ মে ২০২৬, ০৭:২৩ পিএম
রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে এবং পাশে দাঁড়াতে ছুটে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী। সরকার প্রধানের সেই আন্তরিকতা ও আশ্বাসের ওপর পূর্ণ আস্থা রাখছেন রামিসার বাবা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তাঁর সন্তানকে যারা কেড়ে নিয়েছে, তাদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
৯ মাসের জন্য বন্ধ সেন্টমার্টিনে পর্যটকযাত্রা
শুক্রবার (২২ মে) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
আবেগপ্লুত কণ্ঠে রামিসার বাবা বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় এসে বলেছিলেন, তিনি একজন মেয়ের বাবা এবং একজন বড় ভাই হিসেবে এখানে এসেছেন। তাঁর সেই ভালোবাসা, চোখের জল এবং দেওয়া প্রতিশ্রুতির ওপর আমার শতভাগ আস্থা আছে। আমি বিশ্বাস করি, আমার মেয়ের হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার আমি পাব।"
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তাঁর সামনেই আইনমন্ত্রীকে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে রামিসার বাবাও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এই বর্বরোচিত ঘটনার প্রধান আসামি সোহেল রানাকে ইতিপূর্বেই গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রামিসার স্থায়ী নিবাস মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদী গ্রামে।


