‘সংস্কার নয়, বিএনপির চাওয়া-পাওয়া ছিল ক্ষমতা’

ছবি : সংগৃহীত
০২ মে ২০২৬, ০৫:২৮ পিএম
বিএনপি সংস্কারের কথা হাসিনার পতনের আগপর্যন্ত যেভাবে বলত, হাসিনার পতনের পর সংস্কারের বিষয়ে তাদের চাওয়া-পাওয়া ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন। তিনি বলেন, বিএনপির শুধু চাওয়া-পাওয়ার বিষয় ছিল ক্ষমতা।
ফেসবুকে বন্দি আওয়ামী লীগের কর্মসূচি
শনিবার (২ মে) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার বলেন, বিএনপি এত সহজেই ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালায় নাই। তারা আসলে জনতার চাপে পড়ে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করতে হয়েছে। কারণ আমরা দেখেছি ছাত্রদল তাদের অফিশিয়াল পেজ থেকে ‘না’-এর প্রচারণা শুরু করেছিল।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি নির্বাচন হতে না দেয় এ কারণেই বিএনপি চুপ থেকে জুলাই সনদে স্বাক্ষর করেছে ও গণভোটের পক্ষে ‘হ্যাঁ’-এর ক্যাম্পেইন করেছে। এই যে বক্তব্য তারা প্রদান করছেন এতে মনে হয় যে বিএনপি আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলত, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া-পাওয়া ছিল না। তাদের শুধু চাওয়া-পাওয়া ছিল ক্ষমতা।
আখতার হোসেন বলেন, নির্বাচনে প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেয়। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। বিএনপিসহ সব রাজনৈতিক দল একমত ছিল গণভোটের যে ফলাফল আসবে সেটা সবাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম, ক্ষমতায় গিয়ে শপথগ্রহণের দিনই তারা গণভোটকে অস্বীকার করে বসল। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, কখনও ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের জন্য খুব সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বড় ধরনের লুটপাটের পথ খুলে যাবে।
তিনি বলেছেন, দেশজুড়ে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনের পর হঠাৎ দাম বাড়ানো হলো, এরপর আবার লাইন উধাও হয়ে গেল—এটা স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করে।


