দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

ছবি : সংগৃহীত
১০ মে ২০২৬, ০৪:১৪ পিএম
গণঅভ্যুত্থানকালে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর ও রমনা থানায় করা দুটি মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানি নিয়ে রোববার (১০ মে) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদের আবেদন
আদালতে এদিন নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও ব্যারিস্টার রেহান হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছিল।
গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৫ সেপ্টেম্বর বেইলি রোড থেকে নূরকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর থানায় করা সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুরে সিয়ামকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়। সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর এই মামলা করেন। এতে নূরের নামও রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে রমনা থানায় হত্যা মামলাসহ আরও মামলা আছে।


