রাজনৈতিক মামলায় ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূইয়ার বেকসুর খালাস

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ মে ২০২৬, ০৮:০৮ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়া বেকসুর খালাস পেয়েছেন। সোমবার (১১ মে) সংশ্লিষ্ট আদালত মামলার নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ ও আইনি যুক্তিতর্ক পর্যালোচনা শেষে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেন।


আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে তৎকালীন সরকারের আমলে দায়ের করা একটি মামলায় আব্দুর রহিম ভূইয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি গত ১০ মে আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


পরদিন শুনানি শেষে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতিহিংসার বিষয়টি স্পষ্ট হয়েছে। উপস্থাপিত তথ্য-প্রমাণ ও আইনগত ব্যাখ্যা বিশ্লেষণ করে আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

রায়ের পর কারাগারের আনুষ্ঠানিকতা শেষে আব্দুর রহিম ভূইয়াকে মুক্তি দেওয়া হয়। এ খবরে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। কারাগারের বাইরে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং রায়কে “ন্যায়বিচার ও গণতন্ত্রের বিজয়” বলে অভিহিত করেন।

রায়ের প্রতিক্রিয়ায় স্থানীয় ছাত্রদল নেতারা বলেন, “এই রায়ের মাধ্যমে আদালত ন্যায়বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সত্যকে কখনো ষড়যন্ত্র দিয়ে চাপা দেওয়া যায় না। এ রায় দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।”

ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর নিরপেক্ষ বিচার নিশ্চিত হবে।