ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ছবি : সংগৃহীত
১৮ মে ২০২৬, ০৭:৪০ পিএম
স্থানীয় সরকারে কোন স্তরের নির্বাচন হবে তা এখনো ঠিক না হলেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হবেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। আর ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হবেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
বিএনপি দেশে দ্রুত গণতন্ত্র ফেরাতে চায় : মঈন খান
ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দলটির আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলটির প্রধান মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার শুরুতে মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য দেন। সাংবাদিকরা স্থানীয় সরকার নির্বাচন ও ছাত্রী উইং গঠনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
মতবিনিময় সভায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে চরমোনাই পীর বলেন, “সমঝোতায় নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বণ্টনের বিষয়ে সমঝোতার আগে থেকেই থাকা দলগুলোর সঙ্গে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেওয়া, ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করা, ইসলাম অনুয়ায়ী দেশ পরিচালনা না করে বিদ্যমান আইনে দেশ পরিচালনা করার অঙ্গীকার করা, মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘উগ্রবাদী’ বলে ‘সার্টিফাই’ করার পরিপ্রেক্ষিতে সমঝোতা ভেঙে যায়।”
তিনি বলেন, “এরপরও নানা প্রচেষ্টা করা হয়। কিন্তু সমঝোতা রক্ষা করা যায় নাই।”
রেজাউল করীম বলেন, “কেবল এমপি ও মন্ত্রিত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই আমরা অটল-অবিচল থাকব। আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।”
জুলাই সনদের ব্যাপারে তিনি বলেন, “প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপরে আস্থা রাখতে চাই।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘গোলামির চুক্তি’ বর্ণনা করে তা বাতিলের দাবি করেন চরমোনাই পীর।


