দুপুরে আবদার, রাতেই বাড়ল নারী ক্রিকেটারদের বেতন

ছবি : সংগৃহীত
০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন বইছে পরিবর্তনের হাওয়া। সেই পরিবর্তনের প্রথম বড় ছোঁয়া পেলেন দেশের নারী ক্রিকেটাররা। বিসিবি সভাপতির কাছে সমস্যা জানানোর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নারী ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা এসেছে বিসিবি থেকে।
প্রথম জয়ের স্বাদ খুঁজছে ৯ দেশ
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ক্রিকেটার ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সদস্যদের সঙ্গে এক বৈঠকে বসেন তামিম ইকবাল।
সেখানে নারী ক্রিকেটের নানা সংকটের কথা সবিস্তারে তুলে ধরেন সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। নারী দলের বেতন কাঠামো, সুযোগ-সুবিধা এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা নতুন ক্রিকেটারদের আর্থিক টানাপোড়েনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন নতুন বোর্ড সভাপতি।
বৈঠক শেষে রুমানা আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, তামিম ইকবাল তাদের সমস্যাগুলো শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাস যে রাতের মধ্যেই বাস্তবে রূপ নেবে, তা ছিল খোদ ক্রিকেটারদের কল্পনার বাইরে।
কয়েক ঘণ্টা পরেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নারী ক্রিকেটারদের ঘরোয়া চুক্তির মাসিক বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া টি-টোয়েন্টি ম্যাচে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং টেস্টে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে।
বিসিবি সভাপতির এমন অভাবনীয় দ্রুত প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুমানা আহমেদ। তিনি বলেন, ‘সত্যি বলতে এভাবে আশা করিনি যে, এত দ্রুত কোনো রেসপন্স আসবে। তিনি আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন কোনো টেনশন না করার জন্য। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ফল পাওয়াটা আমাদের জন্য দারুণ ইতিবাচক এক দিক।’
বেতন বৃদ্ধির পাশাপাশি দেশের নারী ক্রিকেটের বড় বাধা ঘরোয়া প্রিমিয়ার লিগ নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। দীর্ঘদিন বন্ধ থাকা এই লিগটি চালুর ব্যাপারে তিনি ক্লাবগুলোর সঙ্গে আলাপ শুরু করবেন বলে আশ্বাস দেন।
সাবেক দুই সভাপতির চেয়ে তামিম ইকবালের কাছে প্রত্যাশা কেন বেশি, সেই ব্যাখ্যায় রুমানা বলেন, ‘তামিম ভাই একজন কারেন্ট প্লেয়ার ছিলেন। তিনি বাংলাদেশের পরিস্থিতির সবকিছু খুব ভালোভাবে জানেন এবং দেখেছেন। তাই তার কাছে আমাদের ভরসাটা একটু অন্যরকম।’


