বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল ইরান

ছবি : সংগৃহীত
১৭ মে ২০২৬, ০৪:১৫ পিএম
যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি ইরানের। ভিসা ও আনুষ্ঠানিক জটিলতা নিরসনে বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান।
তামিমের নেতৃত্বে নতুন বিসিবি
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড হবে ২৬ সদস্যের। তবে প্রস্তুতি ক্যাম্পের জন্য অতিরিক্ত চারজন খেলোয়াড়কে রেখে বড় দল ঘোষণা করেছে দেশটি।
সোমবার তুরস্কের উদ্দেশে রওনা দেবে ইরান দল। আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য প্রস্তুতি ক্যাম্পে তারা অনুশীলনের পাশাপাশি দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে তুরস্কেই যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবে দলটি।
ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইরানের তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। এছাড়া জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও রয়েছেন দলে। ফলে অভিজ্ঞতার মিশ্রণে শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইরান।দল ঘোষণার পর প্রধান কোচ আমির গালেনোই বলেন, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন ফুটবলার বাছাই করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল।
স্কোয়াড ঘোষণায় কিছু চমকও রয়েছে। দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুন জায়গা পাননি প্রাথমিক দলে। বাদ পড়েছেন বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ এবং তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদও।
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আরিজোনার টাকসনে ঘাঁটি গড়বে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। একই শহরে দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। এরপর সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মিশরের বিপক্ষে।
ইরানের ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক : আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।
রক্ষণভাগ : দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।
মধ্যমাঠ : রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।
আক্রমণভাগ : আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি ও মেহেদী তারেমি।


