র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৫০-১৬০এ নিয়ে আসতে চান নতুন কোচ টমাস ডুলি

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ মে ২০২৬, ০৭:১৪ পিএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৫০-১৬০এ নিয়ে আসতে চান ফুটবলের নতুন কোচ টমাস ডুলি। ঢাকায় পোঁছে এক অনুষ্ঠানে এমন প্রত্যয়ের কথা জানিয়ে তিনি এর জন্য যথেষ্ট সময়ও চেয়েছেন। 


শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ

ঢাকায় পা রেখেছেন আজ সকালে। বিকেলেই হাজির হলেন এক অনুষ্ঠানে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ নামের সেই অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।


টমাস ডুলি—বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ। বাফুফে তাঁকে আগামী দুই বছরের জন্য হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের দায়িত্ব দিয়েছে।
বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ডুলি শোনালেন বাংলাদেশের ফুটবল নিয়ে তাঁর লক্ষ্যের কথা। বললেন, ফিফা র‍্যাঙ্কিংয়ে এ দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান।

১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া ডুলি বলেন, ‘আমার লক্ষ্য হলো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০ বা ১৫০-এর মধ্যে নিয়ে আসা।’তবে ১৮০–এর আশপাশে ঘোরাঘুরি করা র‍্যাঙ্কিং থেকে দ্রুতই যে উন্নতি করা যাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‎

ফুটবলারদের ইতিবাচক মানসিকতা এবং কঠোর পরিশ্রমের ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, ‘লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। ১৬০-এর নিচে আসা অবশ্যই বাস্তবসম্মত, তবে আগামীকালই নয়, হয়তো এক বছরের মধ্যে আমরা তা অর্জন করতে পারব।’

‎২০০৩ সাফের পর বড় কোনো সাফল্য না পাওয়া বাংলাদেশকে ভালো করতে হলে ফুটবলারদের ভেতরে ত্যাগের মানসিকতা ও সুন্দর ফুটবল খেলার তাড়না জাগিয়ে তুলতে হবে বলে মনে করেন ডুলি। বলের পেছনে না ছুটে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলবে বাংলাদেশ—এমন দলই গড়তে চান বলে জানালেন তিনি।

টমাস ডুলি বাংলাদেশ
ফিফা র‍্যাঙ্কিং লক্ষ্য
বাংলাদেশ ফুটবল কোচ