বিভিন্ন সড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত
২১ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম
রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে রাজধানীর বেশ কিছু এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে আগারগাঁও, বসিলা, গাবতলী, ডেমরা, মিরপুর ও মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে করে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ব্যাপক যানজট। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।
সফটওয়্যারে গণনা হবে ভোটের সময়
মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা রেললাইনের ওপর আড়াআড়ি করে রিকশা রেখে অবরোধ করেছেন। সড়কেও তারা অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে আগারগাঁওয়ে চার রাস্তার মোড়ে শত শত ব্যাটারিচালিত রিকশাচালক সড়ক অবরোধ করেছেন। রিকশা চালানোর দাবিতে তারা মিছিল করছেন। শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম বলেন, এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে, বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
প্যাডেলচালিত রিকশা সংগঠন মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।


