প্রথম দিনেই স্পিকারের মাইক নষ্ট

ছবি : সংগৃহীত
১২ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। প্রথম অধিবেশনের সূচনা হয় ‘স্পিকারের চেয়ার শূন্য রেখেই’। সংসদের প্রথম বৈঠকে স্পিকার নির্বাচিত করা হয় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। তার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হতেই তার মাইকে কারিগরি ত্রুটি দেখা দেয়। জানানো হয়, ‘সিস্টেম হ্যাং’-এর কারণে মাইক দিয়ে শব্দ আসছে না।
যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসেন। কিন্তু কারিগরি ত্রুটির কারণে মাইকে শব্দ হচ্ছিল না। এ সময় সংসদ সদস্যদের অনেকেই দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, তার বক্তব্য শুনতে পাচ্ছেন না তারা।
এ সময় মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘আমার মূল মাইকটি এখনও অকেজো। আমি হ্যান্ডমাইক দিয়ে কথা বলছি। একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করুন। ১৭ বছর পর একটা কার্যকর সংসদ আমরা পেয়েছি। অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়। সে জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আশা করি, শিগগিরই এ অবস্থার অবসান হবে।’
এর মধ্যে জোহরের আজান শুরু হয়। নামাজের বিরতির পর বেলা দেড়টার একটু পরেই সংসদ অধিবেশন শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। এই সংসদ গণতন্ত্রের প্রতীক।’
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন।


