৮ বিমানবন্দর ও ৬ রেলস্টেশনে চালু হলো ফ্রি ওয়াইফাই

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৭ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ৮টি বিমানবন্দর ও ৬টি রেলওয়ে স্টেশনে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু হলো।


জাতীয় প্রেসক্লাবের নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে

রোববার (১৭ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।


অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালও চালু করা সম্ভব হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিমানবন্দর ও রেলস্টেশনগুলোতে উন্নতমানের ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। তিনি বলেন, এটি শুধু একটি প্রযুক্তিগত প্রকল্প নয়, বরং জনগণের জন্য সরকারের সেবামূলক অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট ৮টি বিমানবন্দর এবং ৬টি রেলস্টেশনে একযোগে এ সেবা চালু করা হয়েছে। বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। সেই হিসেবে একই সময়ে প্রায় ৩৭ হাজার ৫০০ জন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পুরো নেটওয়ার্কটি ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতায় পরিচালিত হচ্ছে।

গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর থেকে শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই প্রায় ২০ হাজার যাত্রী ফ্রি ওয়াইফাই ব্যবহার করেছেন এবং এ সময়ে প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে।

বর্তমানে দেশের যেসব বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু হয়েছে সেগুলো হলো—শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দর।

এছাড়া কমলাপুর, কক্সবাজার, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনেও যাত্রীরা এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

ফ্রি ওয়াইফাই বিমানবন্দর
শাহজালাল ইন্টারনেট সেবা
রেলস্টেশন ওয়াইফাই