সরকারি গাড়ি চাওয়ার ব্যাখ্যা হাজির করলেন হাসনাত আব্দুল্লাহ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

অতীতের মতো ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে তিনি সংসদে বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কাজ পরিচালনার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহার দেওয়া যায় কি না সেটি এই সংসদে আমি জানিয়েছিলাম।


চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।


হাসনাত আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির বিষয়টি রয়েছে, সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে—তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। এ বিষয়টি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটির জন্যই এখানে (সংসদ) পুনরাবৃত্তি করেছি।

তিনি বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি দেওয়ার কথা বলছি। এই গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন, ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু বাড়তি খরচ লাগবে না। কারণ, সংসদ সদস্যদের ইতোমধ্যে গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা করে দেওয়া হয়।

সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় টেবিল চাপড়ে সংসদ সদস্যরা তাকে সমর্থন জানান।