পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই : সাকিব

ছবি : সংগৃহীত
০৩ মে ২০২৬, ০৫:২৮ পিএম
ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোদমে রাজনীতি করতে চান সাকিব আল হাসান। তবে সেই পথচলায় দল বদলের কোনো ভাবনা নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্যের। নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে সাকিব জানিয়েছেন, আওয়ামী লীগেই থাকতে চান তিনি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪১৩ রানে
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি, সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই।’
২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার সংসদীয় মেয়াদ দীর্ঘ হয়নি। এরপর থেকে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। তবু রাজনৈতিকভাবে নিজের দলীয় অবস্থান বদলানোর কথা ভাবছেন না এই অলরাউন্ডার।
আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকলেও সেই পরিস্থিতি স্থায়ী হবে না বলে বিশ্বাস করেন সাকিব। দলটির রাজনীতি নিষিদ্ধ বা সংকুচিত থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার।’
সাকিব মনে করেন, কোনো রাজনৈতিক দলকে জোর করে দমিয়ে রাখলে তাতে দেশের রাজনীতির উন্নতি হয় না। তার ভাষায়, ‘জোর করে কিছুদিন দমিয়ে রাখা সম্ভব হলেও তাতে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না।’
রাজনীতিতে প্রতিহিংসার ধারাও বন্ধ হওয়া দরকার বলে মনে করেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয়, তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে।’


